রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তারা মারা যান। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৬০ জন রয়েছেন।
এছাড়া রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৭০৬ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩১ জনে।
তুলনামূলকভাবে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়: এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। দিনে এবং রাতে মশারি ব্যবহার করতে হবে। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।