শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আজ শুক্রবার (১৭ জানুয়ারি ) নেত্রকোণার প্রতাপপুরে “মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে দরিদ্র ছাত্র-ছাত্রী, এতিম ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নেত্রকোণা সদর উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মজমুল হক আলতু মেম্বারের সভাপতিত্বে এবং সাংবাদিক আজাদ ইমরানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার, আব্দুল মান্নান নন্দন, আবুল কালাম, দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ জন দরিদ্র ছাত্র-ছাত্রী, এতিম ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২০২০ সালে প্রতিষ্ঠিত “মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন” শুরু থেকেই এলাকার সামাজিক উন্নয়ন ও সহায়তামূলক কার্যক্রমে অবদান রাখছে। ঈদ, রমজান, এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফাউন্ডেশনটি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।