শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার মদনে ২০০ পিস ইয়াবাসহ মো. জাহান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে। পুলিশ জানায়, জাহান একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে এবং একটি মামলায় দুই বছরের সাজার পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ফতেপুর গ্রামে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে জনৈক সাদেক আলীর বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মদন থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।