সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নাশকতার মামলায় নেত্রকোণায় ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

নাশকতার মামলায় নেত্রকোণায় ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নাশকতার মামলায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চঞ্চল, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান। তাঁরা সবাই আওয়ামী লীগ নেতা।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার বাউসী সড়কের পাশে পতিত জায়গায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় নাশকতার মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় চার ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই মামলায় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকনসহ মোট ১৪ জন কারাগারে রয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে নেত্রকোণা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com