মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, এস কে সুর চৌধুরী ও তার পরিবারের সম্পদের বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ জারি করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি তা জমা দেননি। এ কারণে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর ২০২২ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে অবসরে যাওয়া সাবেক এই ডেপুটি গভর্নর বর্তমানে কারাগারে রয়েছেন।