মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঐতিহ্যবাহী বোর্দো শহরের মাত্র ১৫ কিলোমিটার দূরে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। গত এক সপ্তাহ ধরে চলতে থাকা এই বিপর্যয়ে ফ্রান্স ও স্পেন থেকে ইতিমধ্যে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে এই পরিস্থিতিকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কঠিন ও নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, বোর্দোর পার্শ্ববর্তী সেস্তা শহরের মেয়র একে ‘শতাব্দীর ভয়াবহ দাবানল’ উল্লেখ করে জানিয়েছেন, এই অঞ্চলে ইতিমধ্যে ৪২ হাজার হেক্টর জমি ও ২৪০টি বাড়ি ধ্বংস হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু জানান, চলতি বছর দেশটিতে ১৩ হাজার ৫০০টির বেশি দাবানলের ঘটনায় ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি জমি ছাই হয়ে গেছে। এসব ঘটনার অধিকাংশই মানুষের অসাবধানতার ফল; এমনকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ১৬২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এদিকে প্রতিবেশী দেশ স্পেনে দাবানলের কারণে জারি করা জাতীয় জরুরি অবস্থা পঞ্চম দিনে গড়িয়েছে। সেখানে প্রায় ৭৭ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপ বিশ্ব গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে, যার দরুন ঘন ঘন এমন ভয়াবহ তাপপ্রবাহ ও দাবানলের পুনরাবৃত্তি ঘটছে।