শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
“জনগণ হয় যদি সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ক্যাট এন্ড ডগ সোসাইটি, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক এবং এআরএফবি। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসমা বিনতে রফিক, বন কর্মকর্তা মো. জব্বার হোসেন, ক্যাট এন্ড ডগ সোসাইটির ফাহিম রহমান খান পাঠান এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান প্রমুখ।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হওয়ায় মেছো বিড়ালসহ অনেক বন্যপ্রাণী বিপন্ন অবস্থায় পড়েছে। খাদ্যের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে প্রবেশ করায় মানুষের সাথে সংঘাতে জড়িয়ে মারা যাচ্ছে।
তারা আরও বলেন, এই প্রাণীদের রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। বক্তারা সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।