শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘সাতেনার’ বরাত দিয়ে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে কলম্বিয়ার প্রভাবশালী আইনপ্রণেতা দিওজেনেস কিনতেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো রয়েছেন। দিওজেনেস কিনতেরো সংঘাতবিক্ষত মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, বিচক্রাফট ১৯০০ মডেলের বিমানটি কুকুইতা শহর থেকে ওকানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্তমানে একটি পাহাড়ি দুর্গম এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। নর্তে দে সান্তানন্দের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাটি বিদ্রোহী গোষ্ঠী ইএলএন-এর নিয়ন্ত্রণে থাকায় সশস্ত্র বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।