মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রশাসনিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে একের পর এক পদত্যাগে টালমাটাল হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের বয়স ৬ মাস না পেরোতেই বিদায় নিলেন ৭ জন পরিচালক। সর্বশেষ গত শনিবার চতুর্থ বোর্ড সভা চলাকালীন এবং পরবর্তী কয়েক ঘণ্টায় পদত্যাগ করেছেন ৪ জন প্রভাবশালী পরিচালক।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফায়াজুর রহমান মিতু, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম, সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরী এবং মনজুর আলম। প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিদায় নেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এবং লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, পদত্যাগ করা পরিচালকদের নিয়ে বোর্ডে আলাদা কোনো আলোচনা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন পরিচালক বোর্ড থেকে সরে দাঁড়াতে পারেন।