মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এই প্রতিবেদন জমা দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত কমিটি।
তদন্তকালে বিসিবির পরিচালক, ক্লাব সংগঠক ও প্রধান নির্বাহীর সাক্ষাৎকার নেওয়া হলেও মুখোমুখি হননি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সভাপতি ও নির্বাচন কমিশন লিখিত বক্তব্য দিলেও আসিফ মাহমুদ কমিটির ডাকে কোনো সাড়াই দেননি।
কমিটির প্রধান বিচারপতি আসাদুজ্জামান জানান, কাউকে অভিযুক্ত করার জন্য নয়, বরং প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাইয়ের জন্যই তাদের ডাকা হয়েছিল। তিনি বলেন, “আমরা কোনো জুডিশিয়াল ইনকোয়ারি বা ক্রিমিনাল ট্রায়াল করছি না। নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, কেবল সেটুকুই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করেছি।” তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি উপস্থিত না হয়ে কেবল লিখিত বক্তব্য দেওয়া বা এড়িয়ে যাওয়া তদন্তের পূর্ণাঙ্গ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।