বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

আইপিএলের কারণেই ক্যারিয়ার শেষ হয়েছে পিটারসেনের

আইপিএলের কারণেই ক্যারিয়ার শেষ হয়েছে পিটারসেনের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আইপিএলে খেলতে চাওয়াই কি কাল হয়েছিল কেভিন পিটারসেনের? ইংল্যান্ডের এই কিংবদন্তি ব্যাটারের দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধের জেরেই অকালে থমকে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

পিটারসেন জানান, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণে বাধা দিয়েছিল বোর্ড। ২০০৯ সালে সীমিত সময়ের অনুমতি মিললেও লিগকে প্রাধান্য দেওয়ায় বোর্ডের চক্ষুশূল হন তিনি। তার অভিযোগ, ওই সময় ইসিবি গণমাধ্যম ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়েছিল।

ক্ষোভ প্রকাশ করে সাবেক এই অধিনায়ক বলেন, আমি বড় ত্যাগ স্বীকার করেছি। মাত্র ৩৩ বছর বয়সে ১০৪টি টেস্ট খেলে আমার ক্যারিয়ার শেষ করতে হয়েছে। অথচ আমার ক্ষমতা ছিল অন্তত ১৫০-১৬০টি টেস্ট খেলার এবং ১২-১৩ হাজার রান করার।

টেস্ট ক্রিকেটে ৮,১৮১ রান ও ২৩টি সেঞ্চুরির মালিক পিটারসেন আরও জানান, ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হলেও তিনি বর্তমান প্রজন্মের জন্য আইপিএলের পথ সহজ করে দিয়েছেন। জস বাটলারের মতো বর্তমান ক্রিকেটাররা এজন্য তাকে ধন্যবাদ জানান বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে এই তারকা ক্রিকেটার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে পরামর্শক ও বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com