মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পর্দায় নিয়মিত না থাকলেও ঢালিউড কুইন অপু বিশ্বাস সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। সেখানে জীবনের ফেলে আসা দিনগুলো এবং বিয়ে নিয়ে নিজের অকপট স্বীকারোক্তি দিয়েছেন তিনি।
বিয়ের প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা ছিল তার জীবনের একটি বড় ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, “ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।” ভবিষ্যতে পুনরায় ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে রহস্য জিইয়ে রেখে তিনি জানান, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় তিনি নেই।
সাক্ষাৎকারে নিজের আগের স্বভাব নিয়েও স্মৃতিচারণ করেন অপু। তিনি বলেন, আগে অনেক বেশি ‘বাচ্চা’ স্বভাবের ছিলেন এবং ইমোশনের কারণে ক্যামেরার সামনে অনেক কিছু বলে ফেলতেন। এছাড়া বর্তমান সময়ের ট্রল বা সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন, বরং এসব অনেক সময় উপভোগ করেন বলেও জানান।
উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ গোপনীয়তার পর ২০১৭ সালে জানাজানি হয় এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই তারকা। আগামী কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে।