বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি নিয়ে ফুটবলপ্রেমীদের একাংশের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে টিকিটের নতুন ‘ক্যাটাগরি’ এবং চড়া দাম নিয়ে ভক্তরা যখন ক্ষুব্ধ, ঠিক তখনই নতুন করে আরও টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মঙ্গলবার ফিফা জানায়, বুধবার বাংলাদেশ সময় রাত থেকে ১০৪টি ম্যাচের জন্য ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির অতিরিক্ত টিকিট ছাড়া হবে। এর মধ্যে চলতি মাসে যুক্ত করা নতুন ‘সামনের সারির’ বিশেষ শ্রেণির টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে ফিফা নতুন কিছু ক্যাটাগরি চালু করলে অনলাইনে সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক সমর্থকের অভিযোগ, ভালো আসনগুলো আগেই সরিয়ে রাখা হয়েছিল এবং সাধারণ ভক্তদের তুলনামূলক কম সুবিধাজনক আসন দেওয়া হয়েছে।
টিকিটের দাম নিয়ে পর্যালোচনা করলে দেখা যায়, গত ডিসেম্বরে প্রথম দফায় ৩ নম্বর ক্যাটাগরির টিকিটের দাম ১৪০ ডলার থেকে শুরু হলেও ফাইনালের টিকিটের দাম পৌঁছেছিল ৮,৬৮০ ডলারে। গত ১ এপ্রিল দ্বিতীয় দফায় টিকিট বিক্রি শুরু হলে সর্বোচ্চ মূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার পর্যন্ত করা হয়। তবে টিকিটের এই নতুন দাম ও শ্রেণি বিন্যাস নিয়ে ফিফার পক্ষ থেকে সরাসরি কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এদিকে ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার চেয়ে কম হয়েছে বলে জানা গেছে। ১০ এপ্রিলের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৪০,৯৩৪টি। বিপরীতে ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৫০,৬৬১টি। যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিটের চড়া দামই (সর্বনিম্ন ১,১২০ ডলার) এই কম বিক্রির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।