বুধবার, ১০ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার (১০ জুন) বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও, এবার দেশে ঈদের ছুটি থাকায় আজ ১০ জুন এটি উদযাপিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
এর আগে মঙ্গলবার (৯ জুন) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমকে একটি অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি সংঘাত ও সহিংসতাপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষীদের সাহস, ধৈর্য ও নিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে মিশনে আত্মত্যাগকারী সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে। জাতিসংঘের তথ্যমতে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এই তালিকায় প্রথম স্থানে ছিল। ১৯৮৮ সালে ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক মিশনে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এই গৌরবময় যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে নৌ ও বিমানবাহিনী এবং ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ এই মিশনে যুক্ত হয়।
বিগত ৩৮ বছরে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশে ৬৩টি জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করেছেন। এসব মিশনে মোট ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ৩ হাজার ৬৪৫ জন নারী সদস্য। বর্তমানে ৯টি মিশনে ৪ হাজার ৪১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন। বিশ্বশান্তির এই মহান দায়িত্বে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন বীর শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন এবং ২৮৭ জন আহত হয়েছেন।