শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (শনিবার) একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি জেলাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী কক্সবাজার সদরের পিএমখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর ডুলাহাজরা সাফারি পার্কে দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকেলে চকরিয়ায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সবশেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এই ব্যস্ত সফর শেষ হবে।