শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশেষ সফরে আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কক্সবাজার পৌঁছেছেন তারেক রহমান। তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত রয়েছেন। বিমানবন্দরে অবতরণের পর সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা:
খাল পুনঃখনন উদ্বোধনের পর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মহতী উদ্যোগের শুভ সূচনা করবেন তিনি।
শহীদ ওয়াসীমের কবর জিয়ারত ও নতুন উপজেলার ঘোষণা:
এরপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া কক্সবাজারের বীর সন্তান ওয়াসীম আকরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। একই সাথে তিনি পেকুয়া পৌরসভা এবং নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
চকরিয়ায় বিশাল জনসভা ও সুধী সমাবেশ:
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দিনশেষে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শন এবং সুধী সমাবেশে অংশ নিয়ে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি:
ভিভিআইপি এই সফরকে সফল করতে কক্সবাজারজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতিমধ্যে কক্সবাজারে অবস্থান করে স্থানীয় প্রশাসনের সাথে সার্বিক কার্যক্রম সমন্বয় করছেন।