শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
শঙ্কা কেটেছে: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে শঙ্কা কেটেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার পর তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা থাকলেও, ১২ ঘণ্টা পরেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
বিসিবি জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। মাঠে তিনি বমি করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এবং ছক্কা মেরে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দুই দফায় স্ক্যান করানোর পর রিপোর্ট ভালো আসায় শুক্রবার তাঁকে রিলিজ দেওয়া হয়।
হাসপাতাল থেকে ফিরে মিরাজ তাঁর ফেসবুকে লিখেছেন, আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে উইনিং কম্বিনেশন ধরে রাখতে স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। মিরাজকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।