শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার এক লাফেই প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এর ফলে ভালো মানের সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাট ও মজুরি ছাড়া শুধু ২২ ক্যারেট সোনার এক ভরির দামই পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এর সাথে সরকার নির্ধারিত ভ্যাট এবং গহনার নকশার মজুরি আলাদাভাবে যোগ হবে।