মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৬ জুন) চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “মাদক আমাদের তরুণদের বড় শত্রু। সম্পদ ও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে শুধু গ্রেফতার বা চিকিৎসা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়; আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।” তিনি ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মানসিক ও শারীরিক শক্তিকে ইতিবাচক খাতে ব্যবহারের তাগিদ দিয়ে বলেন, এর প্রধান মাধ্যম খেলাধুলা ও সংস্কৃতি হলেও দেশে খেলার মাঠের তীব্র সংকট রয়েছে।
তরুণদের মেধা বিকাশে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। তবে এত বড় আয়োজন গণমাধ্যমে যথাযথ গুরুত্ব না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। কেবল বিশেষ দিনগুলোতেই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা এবং জেলা-বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজনের আহ্বান জানান তিনি।
সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “জীবন্ত প্রাণীকে পিটিয়ে মেরে তা মোবাইলে রেকর্ড করা অস্বাভাবিক মানসিকতার লক্ষণ।” স্কুল পর্যায় থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষার চর্চা বাড়াতে তথ্য মন্ত্রণালয়কে সচেতনতামূলক ক্যাম্পেইনের নির্দেশ দেন তিনি। সভায় প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।