শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বব্যাপী চলমান তীব্র ক্ষুধা সংকটের বিপরীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনে খরচ হয়েছে প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। অথচ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) তথ্যমতে, বছরে মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই বিশ্বের প্রায় ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব। কোটি কোটি মানুষের খাদ্য সংকটের মাঝে একটি খেলাকে কেন্দ্র করে এমন বিপুল অপচয় ও উন্মাদনাকে তিনি মানবিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে অবিহিত করেছেন।
একই পোস্টে তিনি বিশ্বকাপের কারণে করপোরেট খাতের ক্ষয়ক্ষতির একটি জরিপও তুলে ধরেন। আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’ (UKG)-এর জরিপ অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন কর্মীদের কাজের সময়সূচি পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে করপোরেট খাতে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপে দেখা গেছে, প্রায় ৩৭ শতাংশ কর্মী খেলা দেখার জন্য তাদের নিয়মিত শিডিউল পরিবর্তনের পরিকল্পনা করেন এবং ২৭ শতাংশ কর্মী অফিসে দেরি করে আসা বা অনুপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।
শায়খ আহমাদুল্লাহর এই বিশ্লেষণধর্মী পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তাঁর এই মানবিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন।