বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা চললেও ফুটবল বিশ্বের দৃষ্টি এখনই আটকে গেছে ২০৩০ সালের শতবর্ষী আসরে। ফুটবল ইতিহাসের এই ঐতিহাসিক বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তিন মহাদেশের ছয়টি দেশ। স্বাগতিক হওয়ার সুবাদে ইতোমধ্যে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি মহাদেশজুড়ে (ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা) ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনা, পর্তুগাল এবং মরক্কো। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপকে সম্মান জানাতে উদ্বোধনী পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিওসহ দক্ষিণ আমেরিকার তিনটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শেষে দলগুলো বাকি সূচির জন্য ইউরোপ ও আফ্রিকায় পাড়ি দেবে।
ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ৪৪ দিনব্যাপী চলবে এই টুর্নামেন্ট, যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম আসর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু, স্পটিফাই ক্যাম্প ন্যু এবং মরক্কোর নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়াম আলোচনায় রয়েছে। ২০২৬ সালের পর ফাইনালের স্টেডিয়ামসহ ভেন্যুর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফিফা।