বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের ইতিহাসে প্রথমবার গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন কোনো প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮ বীর-এর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিস্তীর্ণ প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং চলমান মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’ ঘুরে দেখার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে কৌশলগত প্রস্তুতি ও সামরিক মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং বাঙ্কারে নেমে সেনা কর্মকর্তাদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার ও চা গ্রহণ করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।