বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝেই নেতিবাচক এক খবরে স্তব্ধ দেশের ফুটবল ভক্তরা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের মধ্যে চরম হতাশা লক্ষ্য করা গেছে। এমনকি প্রিয় দলের হারে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এমন খবর দেখে গভীরভাবে ব্যথিত ও হতবাক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
কুষ্টিয়ায় এক ব্রাজিল ভক্তের আত্মহত্যার খবরের কথা উল্লেখ করে অপূর্ব বলেন, “এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে—তবে সেটা যেন জীবনের থেকে বড় না হয়। দিনশেষে এটা শুধুই একটা খেলা।
খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত ট্রল এবং অন্যকে হেয়-অপমান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই তারকা আরও বলেন, “আপনার কাছে যেটা মজা, অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে। একটা দল হারলে আবার জিতবে, কিন্তু একটা জীবন চলে গেলে তা আর ফিরে আসে না।” অপূর্বর এই পোস্টে ইতিমধ্যে হাজারো নেটিজেন ইতিবাচক সাড়া দিয়ে তার ভাবনার সঙ্গে একমত পোষণ করেছেন।