বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। সতীর্থদের সাথে উদযাপনের সময় চোখের পানি ঝরে তার। ম্যাচ শেষে মেসি জানান, এই কান্নার পেছনে যেমন ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার ‘স্বস্তি’, তেমনই ছিল পেনাল্টি মিসের ‘হতাশা’।
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসির আর্জেন্টিনার সামনে এই ম্যাচে ছিল বাদ পড়ার শঙ্কা। ম্যাচের ১৫ মিনিটে মিশরের ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যাওয়ার পর, ৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান ২-০ করেন মুস্তাফা জিকো। এর আগে ম্যাচের ২১ মিনিটে নিকলাস তালিয়াফিকোকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, তবে মেসির শট সহজেই ঠেকিয়ে দেন মিশরীয় কিপার মোস্তফা শোবেইর। বিশ্বকাপে এ নিয়ে ৮টি পেনাল্টির ৪টিই মিস করলেন মেসি।
তবে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বিশ্বচ্যাম্পিয়নরা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমানোর পর, মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে মাত্র ১৩ মিনিটের রোমাঞ্চকর প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে মিক্সড জোনে মেসি বলেন, “পেনাল্টি মিসের কারণে আমি সত্যিই হতাশ ছিলাম। গোলটা হলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। তবে এই দলটা কখনো হাল ছাড়ে না। ২-০ থেকে ফিরে আসা সহজ নয়, আজ দল যা করেছে তা অবিশ্বাস্য।” এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচে জালের দেখা পাওয়ায় চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে আটে, যা এমবাপে ও হালান্ডের চেয়ে একটি বেশি। এছাড়া ছয়টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে মেসির মোট গোল এখন ২১টি।