শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বৈরুত, ২৭ সেপ্টেম্বর ২০২৪: লেবাননে ইসরাইলি হামলার তাণ্ডব বেড়েই চলেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনীর অব্যাহত আক্রমণে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে, এবং গত চারদিনে ১ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলি বাহিনী ব্যাপক হামলা চালায়। নাবাতিয়েহ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে লেবানন কর্তৃপক্ষের তথ্যানুসারে নতুন করে অন্তত ৯০ জন প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে বাস্তব পরিস্থিতিতে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, গত চারদিনে ১ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন, যারা চরম মানবিক সংকটে ভুগছেন।
অন্যদিকে, হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরাইলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরাইলের কিরায়াত আতা ও সাফেদ এলাকায় ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।
এই সংঘাতের ফলে লেবাননের মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে।