বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিতে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এ তথ্য নিশ্চিত করেছে। ৩০ বছর মেয়াদি হাজার কোটি ডলার মূল্যের এই চুক্তির মূল লক্ষ্য হলো—সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে বিদেশি প্রতিদ্বন্দ্বীদের দূর করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রধান ভূমিকায় রাখা। চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ থাকবে, যার ফলে পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার কিংবা এটি অস্ত্র তৈরির কাজে ব্যবহার প্রতিরোধ করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তায় পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য চুক্তিটি মার্কিন কংগ্রেসে পাঠানো হলে ওয়াশিংটনে এটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।