শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটির এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই পৌর কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের দাবি, তাদের রক্তদান ও শোকসভার কর্মসূচিতে এনসিপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের একাধিক নেতা আহত হন। একই সঙ্গে হামলায় একাধিক আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়।
তবে এনসিপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। দলটির দাবি, ২৮ জুলাই তাদের পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন এবং এক কর্মীর চোখ নষ্ট হয়ে যায়। ওই সময় সোনালী ব্যাংকে আশ্রয় নেওয়া নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমকে উদ্ধার করে পুলিশ নিরাপদে নিয়ে যায়।
মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী।