শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় (Ceuta) মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৪৯ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। অভূতপূর্ব এই অভিবাসী ঢলে চরম নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় অঞ্চলটিতে সেনাবাহিনী মোতায়েন করেছে স্পেন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এলাকাটি পরিদর্শনের ঘোষণা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, প্রায় ৮৪ হাজার জনসংখ্যার এই ভূখণ্ডে সমুদ্রপথে সাঁতরে এবং স্থলসীমান্ত অতিক্রমের চেষ্টাকালে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট জলপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো নিষিদ্ধ করায় এ অনুপ্রেবেশ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, স্পেনের সাথে আলজেরিয়ার জ্বালানি চুক্তিতে অসন্তুষ্ট হয়ে মরক্কো পরোক্ষভাবে এ পরিস্থিতিতে ভূমিকা রেখে থাকতে পারে।
এই ঘটনা ইউরোপজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ইউরোপের নিরাপত্তার হুমকি হিসেবে আখ্যা দিয়ে স্পেনের শেনজেন সদস্যপদ সাময়িক স্থগিতের আহ্বান জানিয়েছেন। একইসাথে ফ্রান্সও স্পেন সীমান্তে তল্লাশি ও নিরাপত্তা জোরদার করেছে।