শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে একটি কয়লাখনিতে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় খনির গভীরে এখনো অন্তত ১০ জন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় খনি পরিদর্শক গনি বালুচ জানান, বিস্ফোরণের পর খনির ভেতরের অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে গেছে, যার ফলে আটকে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবুও উদ্ধারকারী দল ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে।
বেলুচিস্তানের খনি ও খনিজ সম্পদ মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিটি পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে, এই মর্মান্তিক ঘটনাকে ‘চরম অবহেলা’ আখ্যা দিয়ে পাকিস্তান সেন্ট্রাল মাইন্স লেবার ফেডারেশন খনি মালিকদের গাফিলতিকে দায়ি করেছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও আধুনিক ব্যবস্থার অভাবে ওই অঞ্চলের কয়লাখনিগুলোতে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।