শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে (Multinational Maritime Defense Alliance) যোগ দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪টি সদস্য দেশ নিয়ে এই নতুন সামরিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখাই এই জোটের প্রধান লক্ষ্য।
জোটে বাংলাদেশ ও সৌদি আরব ছাড়াও রয়েছে তুরস্ক, কুয়েত, কাতার, মিসর, পাকিস্তান ও ইয়েমেনসহ মোট ১৪টি দেশ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট। সদস্য দেশগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া ও সমন্বিত সামুদ্রিক অভিযান পরিচালনা করবে।
বাংলাদেশের আমদানিকৃত জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এই লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির ওপর নির্ভরশীল। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০-১২% এই পথ দিয়ে পরিচালিত হয়। ফলে এই জোটের সদস্য হওয়া বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।