মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন টানা ২৬ দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের অন্য দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও অর্ধেকের নিচে নেমে আসায় পুরো বিভাগজুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিপর্যয়।
জানা গেছে, ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ভুগছিল। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২১০ মেগাওয়াট সক্ষমতা থাকা সত্ত্বেও কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তবে গত ২৬ দিন ধরে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি শূন্যে নেমে এসেছে।
সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে ময়মনসিংহের আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ জানান, জ্বালানি ও গ্যাস সরবরাহের জটিলতার কারণে কেন্দ্রটিতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তবে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হলে দ্রুতই বিদ্যুৎ উৎপাদন চালু করা সম্ভব হবে।