সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের অর্থবছরের প্রচলিত সময়সীমায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রচলিত ১ জুলাই–৩০ জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭–২৮ অর্থবছরকে রূপান্তরকালীন (ট্রানজিশনাল) বছর হিসেবে বিবেচনা করা হবে, যা জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাস মেয়াদে শেষ হবে। এরপর ২০২৮–২৯ অর্থবছর থেকে পুরোপুরি এপ্রিল–মার্চ চক্র কার্যকর হবে।
বর্তমানে অর্থবছরের শুরুতে বর্ষাকাল থাকায় অবকাঠামো উন্নয়নকাজে ধীরগতি, গুণগত মানের ক্ষতি এবং জনদুর্ভোগ বাড়ে। নতুন সময়সীমা কার্যকর হলে বর্ষা শুরুর আগেই উন্নয়নকাজের বড় অংশ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
এই পরিবর্তন বাস্তবায়নে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ সংশোধন এবং আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যারগুলোতে প্রয়োজনীয় রূপান্তর আনা হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করবে।