মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ফিকে হয়ে আসা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা নতুন করে তেলের বাজারকে অস্থির করে তুলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে ৮৯ দশমিক ২০ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুড ফিউচার্স বেড়ে ৮২ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্যানুযায়ী, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার ঘটনায় নৌপথটিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গত সপ্তাহান্তে যেখানে ৩১টি জাহাজ চলাচল করেছিল, সেখানে এবার চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের বাড়তি দামে জ্বালানি কেনার প্রস্তুতি নেওয়ার কথা বলেন। সার্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ নৌপথে সরবরাহ বিঘ্নিত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com