মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতির আদেশে উল্লেখিত আগের কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে তাদের যোগদানপত্র জমা দিতে পারবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।