রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি জানান, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। দীর্ঘ সময় ধরে পে-স্কেল না হওয়ায় এবং বর্তমান মূল্যস্ফীতির কারণে প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারীর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত এ সমন্বয় করা হচ্ছে।
সরকারের ছয় মাসের কার্যক্রম ও সমসাময়িক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি ও বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আন্তর্জাতিক সংকট এবং ব্যাংক খাতের অনিয়ম কাটিয়ে উঠতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড চালুসহ কৃষিঋণ মওকুফ ও কর্মসংস্থান সৃষ্টির মতো অগ্রাধিকারমূলক কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে।