রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে এমপি অক্ষত থাকলেও তার গাড়ির কাঁচ ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলায় এমপির সঙ্গে থাকা অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
জানা গেছে, ধানগড়া বাজারে একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয়দের নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথি ছিলেন এমপি আয়নুল হক। বৈঠকে এলাকার মুরুব্বী ও বিএনপি নেতাদের সমন্বয়ে স্থান নির্ধারণী কমিটি গঠনের ঘোষণা দিলে উপস্থিত জামায়াত-শিবির ও এনসিপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে এমপি গাড়িতে উঠলে দুর্বৃত্তরা পেছন থেকে ইটপাটকেল ছুড়ে গাড়ির গ্লাস ভেঙে দেয়।
হামলার পরপরই গাড়িতে বসে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও জড়িতদের দ্রুত আটকের জোর দাবি জানান এমপি আয়নুল হক। এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধানগড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, টিটিসি স্থাপনের বৈঠক চলাকালে কমিটি গঠনের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কেউ পেছন থেকে ঢিল ছুড়লে এমপির গাড়ির গ্লাস ভেঙে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এমপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।