রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের তিনটি দানবাক্স ও তিনটি ডেগ সিলগালা অবস্থা থেকে খুলে পাওয়া গেছে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর পাশাপাশি ২ ভরি ১ রতি সোনা, ১৫ ভরি ২ আনা রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জমা পড়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে গণনা শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হলে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
গণনায় ব্রিটিশ পাউন্ড, মার্কিন ডলার, ইউরো, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, ভারতীয় রুপিসহ প্রায় ১৮টি দেশের বিভিন্ন মুদ্রা পাওয়া গেছে। এছাড়া নজরানা হিসেবে ভক্তদের দেওয়া গরু, ছাগল ও হাঁস-মুরগির আলাদা হিসাব সংরক্ষণ করেছে মাজার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রায় ৭০০ বছরের রীতি ভেঙে গত ২২ জুন প্রথমবার প্রকাশ্যে মাজারের দান গণনা শুরু হয়, যেখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় পাওয়া গিয়েছিল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সব অর্থ সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে।