সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারের ছয় মাস পূর্ণ হওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা জোরালো হয়ে উঠেছে। কাজের দুর্বল পারফরম্যান্স এবং বিতর্কিত বক্তব্যের কারণে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া কয়েকজন মন্ত্রীর বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে। একই সঙ্গে যুক্ত হতে পারে নতুন মুখ ও মিত্র দলের নেতারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্তমানে পূর্ণ মন্ত্রীহীন রয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পারেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি—যদিও এ ধরনের খবরে তিনি নিজে বিব্রত বলে জানিয়েছেন।
সম্ভাব্য রদবদলে টেকনোক্র্যাট কোটা ও মিত্র দল থেকে বিজেপির আন্দালিব রহমান পার্থ, বিএনপির ড. আসাদুজ্জামান রিপন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানের নাম আলোচনায় শীর্ষে রয়েছে। এছাড়া ভালো পারফরম্যান্স দেখানো কয়েকজন প্রতিমন্ত্রী পূর্ণ মন্ত্রী হতে পারেন এবং বিগত দিনের ‘বঞ্চিত’ জ্যেষ্ঠ নেতাদেরও মূল্যায়নের সম্ভাবনা রয়েছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হিমশিম খাওয়া এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো মন্ত্রীদের ভবিষ্যৎ নির্ধারণে প্রধানমন্ত্রী দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।