বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মাহিদুলের প্রতিরোধে দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ড্র

মাহিদুলের প্রতিরোধে দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ড্র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয়ের জন্য শেষ দিনে ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানো যখন অসম্ভব মনে হচ্ছিল, তখনই রূপকথার মতো ঘুরে দাঁড়ায় সফরকারীরা। মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব ও নাঈম হাসানের লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

বুধবার প্রথম চার দিনের ম্যাচের শেষ দিনে বিনা উইকেটে ১৫ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ৭০ রানেই প্রথম সারির ৫ ব্যাটার সাজঘরে ফিরলে পরাজয়ের শঙ্কা জেঁকে বসে। তবে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মাহিদুল ও আমিনুল। ২৬৫ বল খেলে দুজনে গড়েন মহামূল্যবান ১০৫ রানের জুটি। আমিনুল ১২ চারে ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন অঙ্কন।

এরপর সপ্তম উইকেটে অঙ্কনের সঙ্গে যোগ দেন স্পিনার নাঈম হাসান। ১৪০ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি সময় অনায়াসে পার করে দেন এই দুজন। অঙ্কন ২০৮ বল খেলে ৪৮ রানে এবং নাঈম ৭৯ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৪৪ রান। প্রথম ইনিংসেও অঙ্কন খেলেছিলেন ৯৭ রানের চমৎকার ইনিংস।

আগামী রোববার দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com