শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

২২ আগস্ট থেকে বিশেষ কলেরা টিকাদান কর্মসূচি: কোন কোন এলাকা অগ্রাধিকার?

২২ আগস্ট থেকে বিশেষ কলেরা টিকাদান কর্মসূচি: কোন কোন এলাকা অগ্রাধিকার?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শুরু করছে সরকার। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর নগর ভবন মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নির্বাচিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিকদের দুই রাউন্ডে মোট ১ কোটি ৩ লাখ ৫০ হাজার ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) দেওয়া হবে। দুই ডোজের মধ্যে ব্যবধান থাকবে অন্তত ১৪ দিন। আন্তর্জাতিক সংস্থা গ্যাভি (Gavi), ইউনিসেফ ও ডব্লিউএইচও-এর সহায়তায় পরিচালিত এ কার্যক্রমে তথ্য সংরক্ষণ ও তদারকির জন্য ব্যবহৃত হবে ‘VaxEPI’ প্ল্যাটফর্ম।

প্রথম পর্যায়ের ১৪টি অগ্রাধিকার এলাকার মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর; ঢাকা উত্তর সিটি করপোরেশনের শের-ই-বাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও; এবং মুন্সিগঞ্জ সদর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল, নারায়ণগঞ্জ সদর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকার পাশাপাশি ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। কোনো যোগ্য ব্যক্তি যেন টিকার বাইরে না থাকে, সে জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির নির্দেশ দেন তিনি। একই সঙ্গে টিকাদান নিয়ে যেকোনো বিভ্রান্তি দূর করতে গণমাধ্যমকে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com