শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সুরক্ষার নজর নেই, কলকাতার হোটেলগুলোতে নিরাপত্তা ঝুঁকি

সুরক্ষার নজর নেই, কলকাতার হোটেলগুলোতে নিরাপত্তা ঝুঁকি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক এবং বাকি দুজন ভারতীয়। মঙ্গলবার গভীর রাতে ‘শিখা ইন’ নামের ওই হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় এবং হোটেলে জরুরি নির্গমন পথ (ফায়ার এক্সিট) না থাকায় বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, হোটেলটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না এবং দীর্ঘদিন কোনো ফায়ার অডিটও করা হয়নি। এমনকি দেয়াল তুলে জরুরি নির্গমন পথও বন্ধ করে রাখা হয়েছিল।

চিকিৎসার জন্য গিয়ে ওই হোটেলে অবস্থান করা গাজীপুরের বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, “পাঁচ তলায় ছিলাম। পরনের গেঞ্জি দিয়ে নাক চেপে কোনোমতে বের হয়েছি। আর এক মিনিট দেরি হলেই হয়তো বাঁচতাম না।”

নিউ মার্কেট এলাকায় প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০টি ছোট-বড় হোটেল ও গেস্ট হাউজ রয়েছে। পর্যটক ও ব্যবসায়ীদের অভিযোগ—পুরনো ভবনের ভেতর প্লাইউড ও সানমাইকা দিয়ে সাজানো হলেও জরুরি সিঁড়ি, সঠিক ওয়্যারিং বা অগ্নিনির্বাপণ ব্যবস্থার বালাই নেই।

ঘটনার পর বিজেপি নেতা নবীন মিশ্র অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনকে বাণিজ্যিক রূপ দেওয়া হয়েছে। তিনি ৭২ ঘণ্টার মধ্যে কমিটি গঠন করে অবৈধ হোটেল সিলগালা ও অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানান। অন্যদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রশাসনের গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com