সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সব আইনি প্রক্রিয়া শেষ করে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ ভোটগ্রহণ শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের।
বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিইসি।
সিইসি জানান, নির্বাচনের সময় নির্ধারণে দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার হওয়ায় পরীক্ষা দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া কোনো কোনো উপনির্বাচনের ৯০ দিনের বাধ্যবাধকতা থাকায় সব সূচি সমন্বয় করে এগোনো হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে ফিরে এসেছে এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন। দুর্গম, হাওর ও পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে শুষ্ক মৌসুম ও আবহাওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কমিশনকে সব ধরনের সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন।