শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দায়িত্ব নেওয়ার আগেই তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং এখন তিনি পুরোপুরি একজন দলনিরপেক্ষ মানুষ হিসেবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনকালে কারও প্রতি তাঁর কোনো রাগ বা অনুরাগ থাকবে না; সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কাজের শতভাগ গোপনীয়তা বজায় রাখা এবং জনগণের করের টাকায় পরিচালিত সম্পদের অপচয় রোধ করে সর্বোচ্চ সাশ্রয়ী ও স্বচ্ছ ব্যবহারের নির্দেশ দেন।
বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি যুদ্ধপরবর্তী রাষ্ট্রগঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানসহ পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।