শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ পুলিশে জনবল সংকট কাটাতে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৪০০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এ নিয়োগ সম্পন্ন হলে রংপুর জেলাসহ সারা দেশেই পুলিশের জনবল বৃদ্ধি পাবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ পুলিশের জন্য প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসআই (গ্রেড-১০) পদে নিয়োগের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কার্যকর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর জোর দিয়ে আসছেন।