শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, লাগামহীন দ্রব্যমূল্য ও তীব্র জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, জননিরাপত্তা নিয়ে কথা উঠলেই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ ও বাকচাতুর্য দিয়ে মূল সমস্যা আড়াল করার চেষ্টা করেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতি ইঙ্গিত করে তিনি কটাক্ষের সুরে বলেন, দেশে ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী দিলেও হয়তো পরিস্থিতি সামলানো যেত না।
তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মূল তিন বিষয় ছিল—আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তা। অথচ বাস্তবে বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, চাল ও ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে এবং টিসিবির লাইনে মানুষের ভিড় বাড়ছে। এছাড়া গ্যাস-বিদ্যুৎ সংকটে ৯ শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে এবং ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির বিপরীতে গত ৬ মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।