শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশের জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটি জাতীয় পুরস্কারের প্রস্তাব যাচাই, আনুষ্ঠানিক পুরস্কার প্রদান পরিকল্পনা প্রণয়ন এবং নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সরকারের কাছে সুপারিশ করবে। এছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ৯ সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। এর মাধ্যমে আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।