বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জীবনের ৫০ বছর বয়সে যখন অনেকেই অবসরের প্রস্তুতি নেন, ঠিক তখনই নতুন করে পড়াশোনা শুরু করেছিলেন বেলায়েত শেখ। দীর্ঘ ৯ বছরের একাগ্রতা ও সাধনা শেষে ৫৯ বছর বয়সে এসে তিনি সফলভাবে সম্পন্ন করলেন সাংবাদিকতায় স্নাতক (অনার্স)।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা বেলায়েত শেখ ২০১৭ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। বয়স ও বাস্তবতার নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাস করেন। এরপর দেশের শীর্ষস্থানীয় একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ’ বিভাগে ভর্তি হন।
সহপাঠীদের সাথে বয়সের বড় ব্যবধান, পারিবারিক দায়িত্ব ও আর্থিক টানাপোড়েন—কোনোটিই তাঁর লক্ষ্য থেকে তাঁকে টলাতে পারেনি। অবশেষে ৫৯ বছর বয়সে অনার্সের সনদ অর্জনের মাধ্যমে তাঁর সেই স্বপ্ন পূর্ণতা পেল।
নিজের এই অসামান্য অর্জন নিয়ে বেলায়েত শেখ বলেন, “শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে যেকোনো বয়সেই স্বপ্ন ছোঁয়া সম্ভব।” যারা বয়সের কারণে পড়াশোনা বন্ধ রেখেছেন, তাঁদেরও আবার শিক্ষাঙ্গনে ফেরার আহ্বান জানান তিনি।