বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত বা উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৫৬ জনের।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত একদিনে ঢাকা বিভাগে ৫ জন ও বরিশাল বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জনে (ল্যাব পরীক্ষায় শনাক্ত ৯৯ জন এবং উপসর্গে ৮৭৪ জন)।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের হাম শনাক্তের পাশাপাশি ১ হাজার ১৬২ জনের শরীরে উপসর্গ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১৯ হাজার ৩১২ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
হামের সংক্রমণ রোধে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা, লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।