বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম মঙ্গলবার ১ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৬৯ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৯ আগস্টের পর সর্বনিম্ন। একই সাথে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ১ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৪১৮ ডলারে নেমেছে। সাধারণত বন্ডের মুনাফার হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
বাজুসের নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।