শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন তিনি। ৪৫০ বল খেলে তিনশ রানের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান এই ডানহাতি ব্যাটার।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ট্রিপল সেঞ্চুরির নজির ছিল কেবল রকিবুল হাসান (৩১৩) ও তামিম ইকবালের (অপরাজিত ৩৩৪)। তবে দুজনের কীর্তিই ছিল দেশের মাটিতে; বিদেশের মাটিতে এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার তিনশ রানের দেখা পেলেন।
ম্যাচের শেষ দিনে ২০৪ রান নিয়ে ব্যাট করতে নামেন হৃদয়। দিনের শুরুতে নাঈম হাসান (১৬) ও হাসান মুরাদ (১১) দ্রুত ফিরলে ৫১৯ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। একপ্রান্ত আগলে রেখে এরপর রেজাউর রহমানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান হৃদয়। নিজের আগের সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস ছাড়িয়ে শেষ পর্যন্ত দেশকে উপহার দেন এক ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি।